গাঁয়ের হাটে
আরিফ হাসান
বটের তলে গাঙের ধারে
ওই যে দোকান-পাট,
চাষি, মজুর, তাঁতি, কুমার
সেথায় বসায় হাট।
মায়ের শাড়ি, বোনের ফিতা
কিংবা রঙিন চুড়ি,
সস্তা দামে কিনতে হলে
নেই যে হাটের জুড়ি।
মুড়কি-মোয়া, মটকা-তিলে
খেঁজুর রসের গুড়,
গাঁয়ের হাটে কিনতে পারো
নয় তো অনেক দূর।
বাঁশের ঝুড়ি, বেতের ধামা
কিংবা তালের পাখা,
কিনতে পারো মাটির হাঁড়ি
রঙিন ছবি আঁকা।
কচি ডাব আর কুমড়ো জালি
কিংবা মটরদানা,
গাঁয়ের হাটে কিনতে পারো
ডাহুক পাখির ছানা।










