Chora

লিজার কথা

সাইফুল্লাহ মাহমুদ দুলাল

- ঠিকমতো কেন খাওনা তুমি
‘শুকিয়ে’ গেছো লিজা,
: শুকাবো কেন, কেমন কথা
কবে ছিলাম ‘ভিজা’!

- কেমন করে ভাঙলে গলা
শুক্রকে কও শুক্‌রো?
: গলাটা কি কাঁচের কিছু
ভেঙে হবে টুকরো!

- লিজা দারুণ লক্ষী মেয়ে
কী যে সুইট-মিষ্টি,
: মানুষ কেন খাদ্য হবে
ভুল তোমাদের দৃষ্টি!