Chora

সমাধান

ওবায়দুল গনি চন্দন

আব্বা গেলো অফিসে আর
সময় কোথা যায়?
এই ভাবনাই সকাল বিকাল
এই আমাকেই পায়।

আম্মা গেলো ছাদে তবে
রৌদ্র কোথা যায়?
ভেজা কাপড় শুকায়নি কেন
এ মন জানতে চায়।

ভাইয়া গেলো পার্কে, দেখো
যাচ্ছে ছায়া কই?
পাঁচ বছরের মানুষ আমি
ভেবেই অবাক হই।

বড়’পা গেলো শ্বশুর বাড়ি
দিন কই যায় চলে?
উত্তর চাই? কারো কাছে
লাভ কি হবে বলে?

বারোটি মাস গেলো, বছর
যায় চলে কেন ফের?
কেমন করে এই সমাধান
করবো আমি বের।

বিশটি বছর ভেবে ভেবেই
উত্তর পাই বুঝে,
নিজ জীবনের পঁচিশ বছর
আর পাবো না খুঁজে।