পুটুর জন্য ছড়া
বেবী মওদুদ
এক.
বৃষ্টির দিন এলো টুপটাপ
জানালায় বসে পুটু চুপচাপ।
মা যে আজ ঘরে নাই কোথা গেলো
গলি পথে চেয়ে থাকে ওই এলো।
সারাদিন ঘরে বসে গান শোনে
ঘড়ির কাটায় শুধু সময় গোণে।
দুধ কলা মাছ ভাত খেয়ে শেষ
মা যে এসে বলবেই ভালো বেশ।
বৃষ্টির ফোটা শুধু ঝরছেই
মনটা খারাপ আজ করছেই।
মাগো তুমি ঘরে ফিরে এসো
কপালেতে হাত রেখে হেসো।

দুই.
দুধ ভাতে আমসত্ত্ব মেখে
খাচ্ছে পুটু, হুলো বসে দেখে।
ভীষণ মজা চেটেপুটে খেতে
হুলোর চোখ চাইছে যে পেতে।
পুটুর মতো নেই যে তার মা
তাই বলে কি খেতে পাবে না?
পুটু তার মুখে তুলে দিল
আদর করে কোলে তুলে নিল।
খেলবে আর ঘুরবে সাথে সাথে
থাকবে পাশে ধরবে হাতে হাতে।
একলা ঘরে কাটে সারাবেলা
লাল নীল মারবেল খেলা।
হুলোর সাথে মাছ ভাত খাবে
দুপুর হলে ঘুমের দেশে যাবে।
ঘুমের দেশে রঙীন পরী থাকে
শিশুদের সে বন্ধু বলে ডাকে।
আমরা যত বুদ্ধিহীন শিশু
পরীর কাছে ভালোবাসার যিশু।











