Chora

একুশের ছড়া

বেবী মওদুদ

এক.

একুশ আমার গর্ব
একুশ আমার গৌরব
একুশ আমার ঐতিহ্য
একুশ আমার সৌরভ।

একুশ আমার রক্ত
একুশ আমার ছবি
একুশ আমার শিল্প
একুশ আমার কবি।

একুশ আমার অশ্রু
একুশ আমার হাসি
একুশ আমার শোক
একুশ ভালোবাসি।

একুশ আমার বিদ্রোহ
একুশ বজ্র নিনাদ
একুশ আমার শ্লোগান
একুশ প্রতিবাদ।

একুশ আমার সাহস
একুশ আমার জয়
একুশ আমার আত্মা
বাঙালি পরিচয়।




দুই.


বাংলা আমার মায়ের ভাষা
আমার  মায়ের মুখ
বাংলা আমার জীবন-মরণ
আমার স্বপ্ন সুখ।

বাংলা আমার মায়ের ধন
পিতার স্নেহ ছায়া
বাংলা আমার চোখের মণি
ভাই-বোনের মায়া।
বাংলা আমার প্রিয় কবিতা
বাংলা  আমার গান
বাংলা আমার পলাশ শিমুল
রক্ত মাটির টান।

বাংলা আমার যুদ্ধ জয়ের
স্বাধীনতার সুখ
বাংলা আমার মায়ের ভাষা
মমতা ভরা বুক।

বাংলা আমার সবুজ শ্যামল
রূপের নেইকো শেষ
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার দেশ।

১২.২.২০১০