Chora

পত পত করে ওড়ে

আহমাদ মাযহার


আমাদের কেউ যোদ্ধা ছিল না
কিন্তু সকলে মিলে
ধান-পাট ক্ষেতে অথবা কখনো
নদী-নালা খাল-বিলে
একাত্তরের রক্তঝরানো দিনে
আমরা ছুটেছি চঞ্চল পায়ে
উদ্যত সঙ্গীনে।

পাক হানাদার সেনারা করেছে
আমাদের অবরুদ্ধ
তাদের হঠাতে আমরা করেছি
সত্য-ন্যায়ের যুদ্ধ।

আমরা গেরিলা নির্ভীক যত
মুক্তিসেনার দল-
দেশের জন্য ভালোবাসা দিল
আমাদের বুকে বল।

যুদ্ধে যুদ্ধে জেনেছি আমরা
নিজেদের পরিচয়
অন্যায় আর অবিচার রুখে
মৃত্যু করেছি জয়।
 
স্বপ্নরাঙানো পতাকা পেয়েছি
সেই যে একাত্তরে
চিরকাল যেন আকাশের বুকে
পতপত করে ওড়ে।

১০ সেপ্টেম্বর ২০০৭