Chora

এই চ্যানেলে ওই চ্যানেলে

লুৎফর রহমান রিটন

কম্পিটিশান! কম্পিটিশান!
চলছে চ্যানেল জুড়ে,
সব প্রতিভা বেরিয়ে এলো
মাটি-আকাশ ফুঁড়ে!

লেখাপড়া শিকেয় তুলে
চলছে নাচা-গানা,
বলছে সবাই শাবাশ শাবাশ
করছে না কেউ মানা।

এই চ্যানেলে ওই চ্যানেলে
নাম লেখানোর ধুম
পিচ্চি বালক আর বালিকার
উধাও চোখের ঘুম।

সবাই সবার প্রতিযোগী
যে যেখানে আছে,
সবকিছু আজ হার মেনেছে
বিজ্ঞাপনের কাছে!

এই চ্যানেলে ওই চ্যানেলে
পিচ্চিগুলোর লড়াই,
একেকটা কি কাণ্ড করে!
কি করে চোখ সরাই?

অমুক বাড়ির তমুক ছেলে
ধুমসে লড়াই করে,
বাব মায়ের ঝগড়া-ঝাটি
বাড়ছে ঘরে ঘরে!