Chora

হাঁটতে হাঁটতে

বেবী মওদুদ

হাঁটতে হাঁটতে অনেক দূর
গ্রামের নাম পলাশপুর।
পলাশ ফুল কোথাও নাই
মাধবীলতা দেখতে পাই।

হাঁটতে হাঁটতে নদীর তীর
স্রোতের ধারা ভীষণ ধীর।
পানসি চলে ডিঙ্গি চলে
রাতের বেলা জোনাক জ্বলে।

হাঁটতে হাঁটতে রাজার হাট
রাজার বাড়ি ধূ ধূ মাঠ।
সেই মাঠেতে রাজার ঘোড়া
বিক্রি হলো পাঁচশ জোড়া।

হাঁটতে হাঁটতে ফুপুর বাড়ি
উঠোন জুড়ে শুকোয় শাড়ি।
ফুপা আমার ভীষণ ভালো
গায়ের রং একটু কালো।