Chora

দোয়েল এবং বুদ্ধু ফড়িং

খন্দকার আলমগীর হোসেন

ফড়িং ছিল দূরের ডালে
দোয়েল তারে ধরার তালে
                ফন্দী আঁটে এক,
মিষ্টি করে ডাকলো তারে
একপা দু’পা সামনে বাড়ে,
               -ঐরে চেয়ে দ্যাখ,
ঈদের দিনে নতুন সাজে
হিংসা ভুলে মানুষরা যে
                করছে কোলাকুলি,
শত্রু হয়ে থাকবো কতো
আয়না কাছে ওদের মতো
                মনের দুয়ার খুলি।


ফড়িং ভাবে ইস্,
দোয়েল আমার বন্ধু হবে,
                শত্রুতা ডিশ্ মিশ্।
দোয়েল ভাবে ফড়িং,
সুযোগমত ঘাড়টা পেলে,
                তখন তোকে ‘ধরিং’।


যেইনা ফড়িং বন্ধু হ’তে
                ঝুঁকলো কাছে তার,
এক নিমিষে দোয়েল ঠোঁটে
                ধরলো চেপে ঘাড়।
ফড়িং বলে, বন্ধু ছাড়ো,
                লাগছে বড়ো, আহ্,
দোয়েল হাসে, বুদ্ধু ফড়িং
                মাংসটা তোর, বাহ্।