Chora

সাতভাই চম্পা

লুৎফর রহমান রিটনের ছড়াগুচ্ছ





ইকরিম বিকরিম

ইকরিম বিকরিম চিকরিম চা
টলোমল ঝলোমল হাঁটি হাঁটি পা।
হিল্লি দিল্লি বিল্লির ছা
খিদে পেলে ম্যাও ম্যাও কান্দিস না
ইসকুট টিসকুট বিসকুট খা
তারপর? ফ্যান্টাসি কিংডম যা!


ঝিনুক

ঝিনুক ঝিনুক ঝিনুকমালা হরেক রকম ঝিনুক
সমুদ্র সৈকতে মানুষ কিনছে অনেক, কিনুক।
কোন ঝিনুকে মুক্তো থাকে যে চেনে সে চিনুক
ঝিনুক ঝিনুক ঝিনুকমালা হরেক রকম ঝিনুক।


সূর্যমুখীর কাছে প্রশ্ন

সূর্যমুখী সূর্যমুখী
তুই কি রে ভাই বড্ড দুখী?
একদিকে তুই তাকিয়ে থাকিস
অন্যদিকের খোঁজ কি রাখিস?
তাকিয়ে থাকিস সূর্যপানে
সূর্য কি এই ব্যাপার জানে?
সূর্য তোকে ভালোবাসে?
সূর্য কি তোর সঙ্গে হাসে?
সূর্য তোকে আদর করে?
সূর্য তোকে জড়িয়ে ধরে?
তুই কি সুখী? তুই কি খুশি?
সূর্যমুখী, সূর্যমুখী!

পুঁচকে একটা কাঠবেড়ালি

পুঁচকে একটা কাঠবেড়ালি সে
নাচছিলো খুব, তখন দুপুর।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
গায়ে ছিলো জামা ডুরে চকোলেট
পায়ে ছিলো তার সোনার নূপুর।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ডুরে জামাটা তো মেজো বৌদির
নূপুরটা ছিলো ডালিয়া ফুপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপুর।


ঘাসফুল

ছোট ছোট ঘাসফুল
কী যে সুন্দর!
ঘাসফুলে আলোকিত
হলো কার ঘর?
ঘাসফুল আমাদের
সোনামণি মেয়ে
তাকে দেখে প্রজাপতি
ওঠে গান গেয়ে।

আমার প্রিয়

পড়তে আমার ভাল্লাগে না
খুব পচা ইশকুল,
খুব পচা এই ক্লাসরুম আর
বেঞ্চি এবং টুল।
খুব পচা ব্ল্যাকবোর্ড আর
ডাস্টার-চকখড়ি,
টিচারও পচা, কিন্তু ভালো
ঘণ্টা ও দপ্তরি।
দপ্তরি ভাই ঘণ্টা বাজায়
ঘণ্টা মানেই ছুটি.
দপ্তরি আর ঘণ্টা, আমার
খুব প্রিয় এই দুটি।



এই মেয়ে এই ছেলে

এই মেয়ে রাতদিন
দেখে কার্টুন
নাইট এন্ড নুন।

এই ছেলে রাতদিন
খেলে শুধু গেম
শেম শেম শেম।