আমার মজার বই
ফয়েজ রেজা
পড়ার টেবিলে অগোছালো কিছু বই
সারাদিন করে দুষ্টুমি হইচই।
ঘুঘুদের কথা আর দোয়েলের শিশ
মলাটের ভাঁজ খুলে করে ফিসফিস।
এক পাতা জুড়ে আছে শালিকের গান
গান শুনে তুমি যদি খাড়া করো কান-
পাতা ভরা গাছ চোখে ভেসে উঠবেই,
মনে হবে তুমি এই নগরেই নেই।
এক পাতা ভেজা মেঘ, এক পাতা রোদ,
পড়ার টেবিলে করে আহা কী আমোদ।
বৃষ্টির ফোটা ঘাসে ঝরে রিমঝিম,
দেখে ঠিক মনে হবে বরফের ডিম।
কিছু বই ধুলোবালি মাখা আছে, থাক,
কান পেতে শোনো লাল মোরগের ডাক।
ওই দেখো বিমানের মতো উড়ে চিল
চিলটার গায়ে যদি ছুঁড়ে মারো ঢিল-
বাড়ির উঠোনে সে ভেঙে পড়বেই,
মনে হবে তুমি এই নগরেই নেই।











