রবি তার নাম
বেবী মওদুদ
এক ছিল সোনা ছেলে নাম তার রবি
জানালার পাশে বসে দেখে শুধু ছবি।
বাংলার মাঠ ঘাট নদী খাল বিল
সূর্যের আলো পড়ে করে ঝিলমিল।
তালগাছ দাঁড়িয়ে ছাড়িয়ে সব গাছ
মাছরাঙা ডুব দিয়ে ধরে ছোট মাছ।
ফাগুনের দিন এলে লাল ফুল ফোটে
মৌমাছি প্রজাপতি দল বেঁধে জোটে।
ইস্কুল খুব বাজে ঘরে বসে পড়ে,
মন জুড়ে বাজে ‘জল পড়ে পাতা নড়ে’।
কত বই কত গান পড়ে আর গায়
সোনার বাংলা সুরে বাঁশিটি বাজায়।
জমিদারি থাকলেও বড় সাধারণ
সত্য ও সুন্দরে ভরা তাঁর মন।
আলোকের ঝর্ণাধারা ঝর ঝর ঝরে
বাংলার মাটি তার প্রাণমন ভরে।
লিখে লিখে একদিন রবি বড় হয়
বিশ্বে ছড়িয়ে পড়ে নাম পরিচয়।
সার্থক জনম তার জন্মেছে এ দেশে
বাংলা ও বাঙালিকে শুধু ভালোবেসে।
সুখে দুখে স্মরি তারে করি তার জয়
যুগে যুগে রবে তার নাম বিশ্বময়।
এক ছিল সোনা ছেলে নাম তার রবি
বিশ্বের বিস্ময় বিশ্ব কবি।











