জগলুল হায়দার'এর বৈশাখী ছড়াগুচ্ছ
জগলুল হায়দার
১. সেই বোশেখে
বোশেখ এলে মুড়কি মুড়ি
সুতোয় বাঁধা নতুন ঘুড়ি
হেলায় ফেলায় খেলায় খেলায়
দিন কাটিয়ে ধুলোর মেলায়
খেলনা পুতুল পাতার বাঁশি
ঠোঁটের কোণায় মধুর হাসি
উজাড় করে কিনে-
অতুল সুখে আকুল হতাম
সেই বোশেখি দিনে।
২. আজকে
বাইরে ঘুরে দিন কাটাবো
ফানুস কিনে খুব ফাটাবো
হারিয়ে বোশেখ মেলায়
দই চিড়া আর খই মুড়িতে
আকাশ ছোঁয়া রঙ ঘুড়িতে
ভাসবো খুশির ভেলায়।
মায়ের বকা বাবার গাল
থোরাই এসব পুরান চাল
আজকে সবই তুচ্ছ
আজকে শুধু উড়তে চাই
ঘুড়ির মতো ঘুরতে চাই
ছড়িয়ে মনের পুচ্ছ!
৩. নতুন আলো
ভয়াল মাতম প্রকৃতিতে বোশেখ বড়ো রুদ্র
তার কাছে আজ তুচ্ছ সবই তার কাছে সব ক্ষুদ্র।
বোশেখ যেমন তপ্ত আবার বোশেখই হয় সিক্ত
পঁচা-বাসি নাশ করে সে এটাও পুরো ঠিক তো।
বোশেখ শুধু নেয় না রে ভাই দেয় যে নতুন বর্ষ
নতুন দিনে নতুন রবি নতুন আলোর হর্ষ!











