Chora

শর্ত

ওবায়দুল গনি চন্দন

লেখালেখি আমি বেশি পড়ি নাই
জ্ঞান আছে তাই অল্প,
রবি ঠাকুরের ‘শেষের কবিতা’
ভাবি নাই আগে গল্প।
 
ভানুসিংহের নামটা শুনেছি
লেখা পড়ি চার পাঁচটা,
কবিগুরু লেখে ছদ্মনামেই
ভিন্ন লেগেছে ধাঁচটা।
 
স্যমুয়েল এল. ক্লেমন্স নামে
কাউকে পারিনি চিনতে,
মার্ক টোয়েনের প্রকৃত নাম
জানি গিয়ে বই কিনতে।
 
কবি শেলী আর মেরী শেলী
ওরা সেই কবে করে বিয়ে,
‘ফ্রাংকেনস্টাইন’ মেরীর সৃষ্টি
খ্যাতি আসে এটা দিয়ে।
 
শার্লক হোমস কি করে? রয়েছে
পাঠকের আজো দৃষ্টি,
স্যার আর্থার কোনান ডোয়েল
করলো অমর সৃষ্টি।
 
জেমস বন্ড দেখে রূপালী ছবিতে
টেনশনে ঝরে ঘাম,
বহুদিন আগে বই লিখে গেছে
আয়ান ফ্লেমিং নাম।
 
টম এন্ড জেরীকে ভোলা মুশকিল
কান্ড ওদের মজা না?
হান্না ও বারবারা’র কীর্তি
অনেকের সেটা অজানা!
 
বুনোফুল আর নীল লোহিতের
নাম জানি আমি তুই যে,
দ্বিতীয়টি হলো সুনীল’দা আর
প্রথমটি থাক্ কুইজে!
 
বাংলাভাষায় প্রথম লিখেছে
উপন্যাস কে? কোনটা?
জানতে চাইলে সেল ফোন থেকে   
আমাকেই করো ফোনটা।
 
কান দিলো কেটে বন্ধুকে তাঁর
উপহার সেটা জানতে-
সেমিনারে বলি, সভাপতি ছাড়া
আমাকে চেয়োনা আনতে।