Chora

ডাক

ফয়েজ রেজা

যদি ডাকে মেঘ তোমাকে
যদি ডাকে নদী
মুক্ত আকাশ খোলা বনে
তোমায় ডাকে যদি।
সাগর পাড়ের পাহাড় যদি
হাত বাড়িয়ে থাকে
পাখি যদি রঙিন ঠোঁটে
ডাকে ঝাঁকে ঝাঁকে
বোকা ছাড়া কারা বলো
ঘরে থাকবে বসা
ঘরের ভেতর খেলে শুধু
মাছি এবং মশা।

আনন্দ তো পড়ে আছে
পথের বাঁকে বাঁকে
ভোরের আলোয় সে আনন্দ
যদি তোমায় ডাকে
কচি প্রাণের পাতা যদি
বলে দু’চোখ মেলো
বৃষ্টি যদি ডেকে বলে
হাতের ছাতা ফেলো।
জলের ফোটা কুড়িয়ে নাও
মুঠো ভরে ভরে
হদ্দ বোকা ছাড়া কারা
বসে থাকবে ঘরে।

যদি ডাকে চাঁদ তোমাকে
যদি ডাকে মাটি
বাতাস যদি বলে চলো
খালি পায়ে হাঁটি
বোকা ছাড়া কারা বলো
ঘরে থাকবে বসা
ঘরের ভেতর খেলে শুধু
মাছি এবং মশা।