Chora

শৈশব কৈশোর

আহাদ আলী মোল্লা

সবে তো আমার শৈশবকাল, কৈশোর আছে হাতে
এখনই সময় চাঁদ-তারা দেখা পাটি পেতে আঙিনাতে
এখনই সময় খা খা রোদ্দুরে ঘোরাফেরা টো-টো করে
সময় কাটানো ঘাস ফড়িং আর ঝিঁঝিঁ পোকা ধরে ধরে।

কখনো সকাল কখনো বিকেল আকাশে ওড়াই ঘুড়ি
আবার কখনো মরা গাঙ পাড়ে আনমনে ঢেলা ছুড়ি
ঢেলাগাড়ি মাঠ বাবলা বাগান করে যেন কানাকানি
হরিয়াল ঘুঘু ডেকে বলে আয়, দিয়ে যায় হাতছানি।

চোখে পড়ে যদি পাখিদের ডিম বাসা কি বা কারো ছানা,
ছোটাছুটি করি বাগানে-বাগানে সারাদিন একটানা।
মা’র কাছে খাই বকুনি পিটুনি আদুরে আদুরে গালি
‘দস্যি, বানর’ যত শুনি তাও হেসে হই ফালি ফালি।

শৈশব প্রিয় পাগলামি কাল হারালে আসে না ফিরে
যাযাবর মন বসতিপাড়ায় ঘর বাঁধে ধীরে ধীরে
তারপরে আসে প্রিয় কৈশোর হাসি খুশি অমলিন
বাবার আদর মায়ের সোহাগে কাটে মহাসুখে দিন।