Chora

ইচ্ছে ডানা মেলে

মোমিন মেহেদী

আমার আছে ইচ্ছে ডানা
যখন খুশি মেলি
ইচ্ছে হলেই মিতলী পাতাই
চাঁদের সাথে খেলি
চাঁদকে ডাকি আয় কাছে আয়
                 চায় কাছে চায়
                  আসতে
চাঁদেরও খুব ইচ্ছে করে
নদীর বুকে ভাসতে।

চাঁদ আমাকে বন্ধু ডাকে
চাঁদের বুকে ঘুরি
ইচ্ছে ডানা মেলে দিয়ে
করি উড়োউড়ি
চাঁদ চলে যায় দূর বহুদূর
                  সুর বহু সুর
                   শুনি
মায়ের মতো চাঁদের মায়া-
আদরগুলো গুনি।

এমনি করে রাত চলে যায়
আসে যখন আলো
পড়তে থাকি লিখতে থাকি
এসব লাগে ভালো
আমার কেবল চাঁদ মিতালী
                   চাঁদ গীতালি
                    ছন্দ
ভালো লাগে পড়ালেখা
কলম-কালির গন্ধ।

মনের ঘরে চাঁদের কথা
স্বপ্ন রঙিন রাতের কথা
চুপটি করে আসে
মন নদীতে ছলছলাছল
ইচ্ছেগুলো কলকলাকল
পালতোলা নাও ভাসে।