Chora

গোলমেলে

দীপক সাহা

যতই ভাবি আদতে মা
ব্যাপারটা গোলমেলে-
শীত কেন মা জাঁকিয়ে আসে
পোষের সাড়া পেলে?

সারা বছর ভ্যাপসা খরা
নয়তো আকাশ মেঘেই ভরা
শিউলি ফোটা শুরু হলেই
শীতল বাতাস হাসে।
শিশির ফেলে ফোঁটা ফোঁটা
ভিজিয়ে দিয়ে গ্রামটা গোটা
পোষের ঘাড়ে সওয়ার হয়েই
শীতটা কেন আসে?

কানে কানে বলছে লোকে
সূর্য নাকি এদিক থেকে
এই সময়ে যায় বেড়াতে
দক্ষিণ দিকের গাঁ’তে।
এই সুযোগে শীতের বুড়ি
আস্তে দিয়ে হামাগুড়ি
ঢেকে ফেলে গ্রামটি আমার
ঠাণ্ডা কুয়াশাতে।

যা-ই শুনি মা থেকেই গেল
ব্যাপারটা গোলমেলে-
শীত কেন মা দৌড়ে পালায়
ফাগুন এসে গেলে?