Chora

পরিচয়

সাদী মিনহাজ

একটি ছেলে গাছের সাথে
গল্পে মাতে রোজ;
গাছ নাকি তার খুব বন্ধু
গাছই খেলার সাথী
গাছকে নিয়ে স্বপ্ন বোনে
জ্বালায় বোধের বাতি;
সময় পেলেই যায় ছুটে সে
গাছের নিতে খোঁজ।

গাছের সাথে গল্প কথায়
দিন চলে যায় তার
যুগ থেকে যুগ সৃষ্টি সেবা-
কর্ম গাছের। আর
রৌদ্র-ঝড় ও খরা-দুর্যোগে
নয় নত তার শির।
পাখির মনে স্বপ্ন আঁকে
এবং সাজায় নীড়।

গল্প কথার মাঝে
কিংবা সকাল সাঁঝে,
সেই ছেলেটি গাছের কাছে
প্রশ্ন করে খুব
গাছের সরল উত্তরে সে
ভাবনাতে দেয় ডুব-

গাছ সহজে গাছ হয়ে যায়
থাকলে গাছে পাতা
কিন্তু মানুষ, হয় কি বলো
থাকলে দেহে মাথা?
মাথার সাথে বিবেক এসে
যুক্ত যখন হয়,
তখন কেবল মানুষ- মানুষ
অন্য সময় নয়।