বুঝছো!
ফারুক নওয়াজ
টাকাকড়ি কিচ্ছু না-তুচ্ছ
চুরি হয়ে যেতে পারে, বুঝছো!
ঘর ভরা সোনাদানা
উপহার নজরানা
মনকাড়া ময়ূরের পুচ্ছ;
বুঝছো-
সবকিছু তুচ্ছ!
গাড়িবাড়ি কতোকিছু করছো
বেসুমার সম্পদ গড়ছো
ধনশালী রাতারাতি
আহা কতো মাতামাতি
একদিন ধপ করে পড়ছো-
মিথ্যার স্বর্গই গড়ছো!
টাকাকড়ি গাড়িবাড়ি অহমিকা বিত্ত
ঘরভরা দাস-দাসি, বিশ্বাসী ভৃত্য
সবকিছু মিথ্যে-
এতো কিছূ থাকলেও পারবে না জিততে।
একদিন দুইদিন দশদিন বিশদিন-
সবকিছু চলে গেলে হয়ে যাবে মিসকিন।
সবকিছূ খোয়া যায়, যায় সব হারিয়ে
লাভ কি শুধু শুধু সম্পদ বাড়িয়ে?
হারাবে না কোনদিন লেখাপড়া শিক্ষা-
জ্ঞান দেয় সত্য ও মানবতা দীক্ষা
বিদ্যাই সবকিছু আর সবই তুচ্ছ;
বুঝছো!











