Chora

বৃষ্টি এলো

মেহেরুবা নিশা

তিরতিরিয়ে ঝিরঝিরিয়ে
নামলো আষাঢ় মাসের ঢল,
সেই খুশিতে উঠলো হেসে
বৃষ্টি ভেজা ঘাসের দল।

ভিজে ভিজে চুপসে গেল
কাক, কবুতর, বুলবুলি,
বৃষ্টিজলে ভিজলো আবার
বাগান ভরা ফুলগুলি।

উঠলো হেসে নয়নতারা,
কদম, কেয়া, চাঁপার ফুল,
ভিজলো আবার খুকুর জামা
এবং ছোট আপার চুল।

বৃষ্টি পেয়ে অনেক খুশি
ধনী, গরিব লোকের দল,
বৃষ্টি এসে ধুইয়ে দিলো
কষ্টে ঝরা চোখের জল।