Chora

শব্দ কল্প দ্রুম!

সুকুমার রায়

ঠাস্‌ ঠাস্‌ দ্রুম্‌ দ্রাম্‌, শুনে লাগে খট্‌কা-
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পট্‌কা!
শাঁই শাঁই পন্‌পন্‌, ভয়ে কান্‌ বন্ধ-
ওই বুঝি ছুটে যায় সে-ফুলের গন্ধ?
হুড়মুড় ধুপ্‌ধাপ্‌-ওকি শুনি ভাই রে!
দেখছ না হিম পড়ে- যেওনাকো বাইরে।
চুপ্‌ চুপ্‌ ঐ শোন্‌! ঝুপ্‌ঝাপ্‌ ঝ-পাস!
চাঁদ বুঝি ডুবে গেল?-গব্‌ গব্‌ গবা-স্‌!
খ্যাঁশ্‌ খ্যাঁশ্‌ ঘ্যাঁচ্‌ ঘ্যাঁচ্, রাত কাটে ঐরে!
দুড়্ ‌দাড়্‌ চুরমার-ঘুম ভাঙে কই রে!
ঘর্ঘর ভন্‌ভন্‌ ঘোরে কত চিন্ত!
কত মন নাচে শোন্‌-ধেই ধেই ধিন্‌তা!
ঠুংঠাং ঢংঢং, কত ব্যথা বাজে রে-
ফট্‌ ফট্‌ বুক ফাটে তাই মাঝে মাঝে রে!
হৈ হৈ মার্‌ মার্‌ "বাপ্‌ বাপ্‌" চীৎকার-
মালকোঁচা মারে বুঝি? সড়ে পড়্ ‌ এইবার।