Chora

আম্মু তবুও...

জগলুল হায়দার

মা আমার মন দেখে না
মগজ দেখে শুধু
হোমওয়ার্ক-টিউটোরিয়াল
জীবন করে ধু ধু।

পড়ো বাবু পড়ো সোনা
এক সাবজেক্ট শেষ তবে ফের
আরেক বিষয় ধরো সোনা।

টিচার আমার আরও পাজি
পড়া নিয়েই লাগবে বাজি
‘এই বয়সে তোমার চেয়ে অনেক পড়েছি
অংক ভূগোল ইতিহাস কত্তো করেছি।’

ছাই!
আমি কী আর আসল খবর
কিচ্ছু রাখি নাই?
টিচার তোমার মাকে যদি ডাকি
তাইলে পরেই বেড়িয়ে যাবে
তোমার যতো ফাঁকি।

টিচার আরও মুডি হয়
হয় ভীষণ ভার
দুষ্টু ছেলে তোর সাথে কেউ
লাগতে যাবে আর।
ও.কে- ও.কে-
টিচার তবে জব্দ
নেই মুখে আর শব্দ
আম্মুকে দেই থ্রেট
নানু কিন্তু বলেই গেছে
মহৎ সোনাই গ্রেট।

তোর মাটা তো পড়তে বসেই শুধু শুধুই উঠতো
তোর নানাভাই তার পিছে পিছে ছুটতো
তাও দিতো না সে ধরা
কিসের লেখাপড়া।

এসব বলে নানু এবার আম্মুকে খুব হাসায়
আম্মু তবুও পড়ো পড়ো বলেই আমায় শাসায়।