ঈদ মানে তো ছুটি
রহীম শাহ
ঈদ মানে তো আনন্দ আর ঈদ মানে তো খুশি
একটি ঈদের স্বপ্ন সবাই সারা বছর পুষি।
আসবে যখন ঈদের দিন
মন হয়ে যায় কী রঙিন
এমন দিনে ঘরের কোণে কেউ থাকে না বসে,
সবার যেন মুখ ডোবানো মিষ্টি হাঁড়ির রসে।
ঈদ মানে তো নীল আকাশে শঙ্খ চিলের ডানা,
ইচ্ছে হলেই রোদ ঝিলমিল সাগরে দিই হানা।
ইচ্ছেপূরণ পাখি এসে
মিষ্টি করে শিস দিয়ে সে
রোদ সাগরে ডেকে নিয়ে বলবে খেলা করো,
ঈদের দিনে সবাই সমান হোক ছোটো হোক বড়ো।
ঈদের দিনে পাড়ায় পাড়ায় হাসিখুশির হাট
দরজা খোলা, সামনে বিরাট তেপান-রের মাঠ।
নতুন জামা কাপড় পরে
যাই এ ঘরে যাই ও ঘরে
বন্ধ সকল মান-অভিমান আজকে নতুন মিল,
সবার চোখে আলোর ঝিলিক খুব করে ঝিলমিল।
ঈদ কি কেবল আনন্দ? না, ঈদ মানে তো ছুটি,
ইচ্ছে হলেই ছোট্ট ডালে গোলাপ হয়ে ফুটি।
নেই কালিমা কোনো মনে
সুবাস ছড়াই জনে জনে
ঈদের দিনে আমরা সবাই নিজকে করি খোঁজ,
ভালোই হতো ঈদটা যদি আসত রোজ রোজ।











