Chora

একটি শিশু

আরিফ হাসান

একটি শিশু প্রতি ঈদেই
কিনছে জামা-জুতো,
একটি শিশু কোনো ঈদেই
পায় না কোনো সুতো।

একটি শিশু প্রতি ঈদেই
খুশির চোটে হাসে,
একটি শিশু প্রতি ঈদেই
চোখের জলে ভাসে।

একটি শিশু ঈদের দিনে
যাচ্ছে ঈদের মাঠে,
একটি শিশু ঈদের দিনে
যায় না পুকুর ঘাটে।

একটি শিশু ঈদের দিনে
খাচ্ছে খাবার ভারী,
একটি শিশু ঈদের দিনে
যায় না কারো বাড়ি।

বলতে পারো তোমরা আমায়
এমন কেন হয়?
দেয়াল ভেঙে এই বিভেদের
করতে পারো জয়?