মেঘের কাছে
ফয়েজ রেজা
নদীর পাশে ছনের বনে
এই বিকেলে খুব গোপনে
একটা ফড়িং রেখে গেলাম
ও মেঘ তুমি দেখে রেখ।
বনের পাশে দুর্বাঘাসে
একটা শালিক ওই তো হাসে
শালিকটাকে রেখে গেলাম
ও মেঘ তুমি দেখে রেখ।
নদীর কালো জলের বাঁকে
ডুবে যাওয়া সূর্যটাকে
ঘুম পাড়িয়ে রেখে গেলাম
ও মেঘ তুমি দেখে রেখ।
রেখে গেলাম স্বপ্ন রঙিন,
জলের ঘাটে দুরন্ত দিন
পদ্ম পাতায় ধূসর অতীত
ও মেঘ তুমি দেখে রেখ।
ভাটিয়ালি মুর্শিদী গান
মাঝরাতে জল উতলা টান
রেখে গেলাম স্রোতের পিঠে
ও মেঘ তুমি দেখে রেখ।
নদীর একূল ওকূল ঘেঁষে
আমার কত স্মৃতি ভেসে-
যাচ্ছে, তাদের রেখে গেলাম
ও মেঘ তুমি দেখে রেখ।
মুখের কথা মনের হাসি
মালা গেঁথে পাশাপাশি
ভাঙা ঘরে রেখে গেলাম
ও মেঘ তুমি দেখে রেখ।
জলে ভেজা মাটির গন্ধ
পোনামাছের নাচের ছন্দ
তোমার কাছে রেখে গেলাম
ও মেঘ তুমি দেখে রেখ।
ও মেঘ তুমি বৃষ্টি হয়ে
ঝরো যদি,
তোমার জলে ভিজবে জানি
অথই নদী।
আমার সাধের জীবন যেনো
হয় না বিলীন জলে,
মনের ডিঙি রেখে গেলাম
ফিরে আসব বলে।











