কাকা ও কাক
আরিফ হাসান
কাকেরা সব কা কা করে
কাকাকে খুব ডাকে,
কেউ জানে না ওদের কাকা
কোন শহরে থাকে।
ও কাকেরা কা কা করে
কেন এমন ডাকিস?
কেন তোরা কাকার খোঁজে
শহর পড়ে থাকিস?
শহর ছেড়ে একটু দূরে
গাঁও-গেরামে যা না,
দ্যাখ ওখানে তোদের কাকা
খাচ্ছে দারুণ খানা।











