Chora

ঢাকার পাগল টাকার পাগল

ফারুক নওয়াজ

পাগল পাগল ঢাকার পাগল
পাগল সবাই টাকার পাগল
সত্যি ভালো নয়তো মিছে
ছুটছে সবাই টাকার পিছে।

সন্ধ্যা-সকাল ছুটছে তারা
যতোই ডাকো নেইতো সাড়া
দিচ্ছে টাকা হাত ইশারা
টাকার নেশায় পাগল পারা।

টাকা টাকা শুধুই টাকা
নেইতো টাকা জীবন ফাঁকা
যার আছে সে চাচ্ছে আরো
বাড়ছে ভূড়ি, খাচ্ছে আরো।

দালানকোঠা, ব্যবসাপাতি
থাকলে ঘোড়া কিনছে হাতি
ব্যাংকে টাকা ভরতি তবু
টাকার নেশা যায় না কভু।

যার কিছু নেই, অভাব ঘরে
বউ-শিশুরা ক্ষুধায় মরে
আনতে লবণ পান্তা ফুরোয়
রুক্ষ চুলে দুঃখ উড়োয়
দেখতে পাবে ঢাকায় যেয়ো
সন্ধ্যা-সকাল ঘুরছে সেও।

ঘুরছে চোখে টাকার নেশা
ভিক্ষা করা তার যে পেশা।
গুলিস্তানে; তোপখানাতে
থামলে গাড়ি হাতটি পাতে।

পাগল পাগল ঢাকার পাগল
পাগল সবাই টাকার পাগল
সদরঘাটে; ইস্টিশানে-
কোটকাচারি যাও সেখানে
দেখবে সবাই ব্যস্ত ভীষণ
লক্ষ্য সবার টাকার মিশন।

জেলখানাতে অফিসপাড়ায়
টাকার নেশায় সবাই হারায়
ছুটছে শুধু কেউ না দাঁড়ায়-
সুযোগ বুঝে হাতটি বাড়ায়।

নেই তো টাকা জীবন ফাঁকা
অলস হয়ে যায় না থাকা
মরতে হবে উপোস করে-
নিত্য কতো যাচ্ছে মরে!

বাঁচতে হবে, বাঁচতে হলে-
চাই দখলে টাকার থলে।
ছুটছে সবাই লক্ষ্য সেটা
ছুটতে গিয়ে বাঁধছে ল্যাঠা।

কেউ জিতে যায়, হারছে কেহ
গাড়ির নিচে যাচ্ছে দেহ
যাচ্ছে মিটে সব ঝামেলা;
সাঙ্গ তখন জীবন খেলা।