মনে পড়ে
কাজী কেয়া
পশ্চিমের ওই মেঘেরা যখন
পুবের দিকে আসে
তখন আমার চোখের কাছে
মায়ের মুখটি ভাসে।
ওই কূলেরই হাওয়া যখন
এই কূলে দেয় নাড়া
তখন আমি পাই যে মায়ের সাড়া।
শারদ সাজে শিউলি যখন ফোটে
শীতের ভোরে সূর্য যখন ওঠে
সন্ধ্যাবেলার ধূপের গন্ধ
ছোটে যখন ছোটে
জোটে তখন তুলসি ঝোপে
জোনাক পোকা জোটে।
তখন আমার পাশে
চুপটি করে দাঁড়িয়ে থেকে
মা যেন ঠিক হাসে।
পশ্চিমের ওই বাঁশের বনে
বাঁশের পাতা ঝরে
পাতা ঝরার শব্দ আসে
আমার পুবের ঘরে;
তখন আমার মনটা কেমন করে
মায়ের কথা শুধুই মনে পড়ে!











