হাতছানি
ইকবাল খন্দকার
ইট পাথরের এই শহরে
আর বসে না মন,
হাত বাড়িয়ে ডাকে আমায়
শাল পিয়ালের বন।
হাতছানি দেয় কুলুকুলু
বয়ে চলা নদী,
ধানের জমি বলে, “তুমি
আসতে কাছে যদি”।
মেঠো সে পথ ডাকে আমায়-
“দাওনা খানিক ছোঁয়া”,
এক নিমিষে তোমার দু’পা
হবে শিশির ধোয়া।
এমন মধুর হাতছানি কি
ফিরিয়ে দেয়া যায়?
শহরকে তাই ফাঁকি দিয়ে
পালিয়ে যাবো গাঁয়।











