একা কবরস্থানে

মূল : অ্যালভিন শোয়ার্জ
অনুবাদ : হাসান খুরশীদ রুমী

rumi-1.jpgকয়েকজন ছেলেমেয়ে এক পার্টিতে গিয়েছিলো। রাস্তার ওপাশে একটা কবরস্থান আছে। ওরা নিজেদের মধ্যে আলোচনা করছিলো কবরস্থানটা কতটা ভীতিকর।

“কখনই এত রাতে কবরের পাশে দাঁড়াতে হয় না”, একটা ছেলে বললো। “কবরের ভেতরের মানুষ হাত বাড়িয়ে ধরে মাটির তলায় টেনে নেয়।”

“একেবারে বাজে কথা।”, একটা মেয়ে বললো কথাটা। “এটা একটা কুসংস্কার।”

rumi-2.jpg“তোমাকে আমি এক ডলার দেব যদি তুমি একা কবরস্থানে দাঁড়িয়ে থাকতে পার।”, বলল ছেলেটা।

“কবর আমার ভয় করে না।”, মেয়েটা বলল। “আমি এক্ষুণি যেতে চাই।”

ছেলেটা একটা ছুরি বাড়িয়ে দিল মেয়েটার দিকে। “যে কোন একটা কবরে এই ছুরিটা গেঁথে রেখে আসবে।”, বলল সে। “পরে আমরা গিয়ে দেখবো।”

rumi-3.jpgপুরো কবরস্থানটা অন্ধকারে ছেয়ে আছে। আর মৃতের মতো নিস্তব্ধ। “ভয় পাবার মতো কিছু নেই।”, মেয়েটি বিড়বিড় করে নিজেকে বলল। কিন্তু তারপরেও ভয় তাকে ছেঁকে ধরল।

মেয়েটি একটি কবর পেয়ে তারপাশে দাঁড়াল। তারপর হাঁটু গেড়ে বসে ছুরিটা মাটিতে গেঁথে দিল। দ্রুত ফিরে যাওয়ার জন্য উঠে দাঁড়াল। কিন্তু এক পাও নড়তে পারল না। কিছু একটা তাকে টেনে ধরল। দ্বিতীয়বারের মতো চেষ্টা করল। কিন্তু তারপরও নড়তে পারল না। আতঙ্ক ওকে ছেঁকে ধরল।

“কেউ আমাকে ধরেছে!”, চিৎকার করে মাটিতে পড়ে গেল সে।

rumi-4.jpgযখন মেয়েটি ফিরে এল না, তখন অন্যরা তার খোঁজে বের হল।

দেখল, মেয়েটি একটা কবরের পাশে পড়ে আছে। বুঝতে না পেরে মেয়েটি স্কার্টের কাপড়সহ মাটিতে ছুরি গেঁথে ফেলেছিল।

আর ওই ছুরিটাই তাকে আটকে দিয়েছিল। ভয়ে মারা গেছে সে।


মূল গল্প : দি গার্ল হু স্টুড অন এ গ্রেভ


হাসান খুরশীদ রুমী/এবি/এমআইআর/০৪ ডিসেম্বর