ইশান্তের বন্ধুদের আঁকা ছবির প্রদর্শনী
গত বছর তোমাদেরকে ‘ইশান্ত’-এর বন্ধুদের আঁকা ছবির প্রদর্শনীর গল্প শুনিয়েছিলাম, মনে আছে? ঐ যে, তোমাদেরই মতো বয়সী কয়েকজন ছেলেমেয়ের আঁকা ছবির প্রদর্শনী। তবে তোমাদের মতো বয়সী হলেও ওরা কিন্তু তোমাদের চাইতে খানিকটা আলাদা। ‘তারে জামিন পার’ ছবির ইশান্ত-এর মতো। তাই বলে কি আর ওরা থেমে থাকবে? ইশান্ত কি আর থেমে ছিলো। ওরাও খুব ভালো ছবি আঁকতে পারে, একদম ইশান্তের মতোই।
আগের দু’বছরের মতো এ বছরও ওদের আঁকা সব চমৎকার ছবি নিয়ে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, নাম ‘ইমার্জড ফ্রম আননোওন- থ্রি’।
প্রদর্শনীটির আয়োজন করেছে ‘হ্যান্স’ নামের একটি সংগঠন। ‘হ্যান্স’ অটিস্টিক সব ছবি আঁকিয়ে শিশুদের নিয়েই এই প্রদর্শনীর আয়োজন করেছে।
এই প্রদর্শনীটি চলবে ১৫ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত। কোথায় হবে? সেই দৃক গ্যালারিতেই, যেখানে গত বছরও হয়েছিলো এই আয়োজন। ১৫ জুলাই শুক্রবার বিকেল সাড়ে ৪টায় প্রদর্শনীর উদ্বোধন হবে। কে উদ্বোধন করবেন জানো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার নাম শুনেছো না? আরে, যেখানে সবাই ছবি আঁকা শেখে, পড়াশুনা করে। সেখানকার শিক্ষক আবুল বারাক আলভী।
প্রতিদিন তোমাদের আর তোমাদের বাবা-মা, বড় ভাই-বোন, সবার জন্য প্রদর্শনীটি খোলা থাকবে দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনজে/এইচআর/জুলাই ১৪/১১








