আই-টি মেলা, শুধু তোমাদের জন্য
এখন তো তথ্যপ্রযুক্তির যুগ; কম্পিউটার, ইন্টারনেট- এসব ছাড়া একটি দিনের কথাও কী ভাবা যায়? আচ্ছা, তোমাদের জন্য একটা ই-মেলা হলে কেমন হয় বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছো। শুধুই তোমাদের জন্য এমন একটা আয়োজন হয়ে গেল ১৬ মার্চ। শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত মেলাটি হয়েছে রাজধানীর ধানমন্ডির কলাবাগান ক্লাব মাঠে। আর মেলাটির আয়োজন করেছিল ই-মিডিয়া আর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল।
এ বছরের মেলাটিই অবশ্য প্রথম নয়। গত বছরও ওরা এই মজার মেলার আয়োজন করেছিল। ওহ্হো, বলতেই তো ভুলে গেছি, মেলার নাম ছিল- ‘মাই ই-কিডস ক্যাম্প ২০১২’।
সকালে বেলুন আর পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন দুই লেখক আনিসুল হক ও ইমদাদুল হক মিলন। আর মেলায় এসেছিল ঢাকা ও আশপাশের প্রায় দেড়শ স্কুলের কয়েক হাজার শিশু-কিশোর। ওদের সাথে ওদের বাবা-মা আর শিক্ষকেরাও এসেছিলেন।
মেলায় কী কী আয়োজন ছিল? ছিল আইটি মেলা, ইন্টারনেট জোন, গেমস কর্নার, পাপেট শো, টয় ট্রেইন, বাউন্সি বল, স্ট্রিট ম্যাজিক, আরো কতো মজার মজার সব আয়োজন। সঙ্গে ছিল মজার মজার সব প্রতিযোগিতাও- ডিজিটাল আর্ট, কম্পিউটার গেইমসের মতো ইন্টারনেটভিত্তিক প্রতিযোগিতার পাশাপাশি রচনা প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা আর যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতাও ছিল।
শুধু তাই না, মেলায় তোমাদের মতো যারা এসেছিল, তাদের গান শোনাবার জন্য এসেছিল ক্লোজ আপ ওয়ান আর চ্যানেল আই ক্ষুদে গানরাজের গায়কেরাও।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনজে/এইচবি/মার্চ ১৭/২০১২








