sakkhatkar

"আমরা সবকিছু কাঁচাই খাই..." সাক্ষাৎকারে জিরাফ

আমাদের নিয়মিত সাক্ষাৎকার আয়োজনে আজ যিনি হাজির হয়েছেন তাকে তোমরা সবাই চেন এবং খুব পছন্দ করো। তিনি আর কেউ নন ভূ-পৃষ্ঠের সবচেয়ে লম্বা প্রাণী জিরাফ। তার গলা অনেক লম্বা হলেও কথা বার্তা বলতে বেশ কষ্ট হয়। তারপরও এই কষ্টটুকু স্বীকার করে তিনি তোমাদের কথা ভেবে কথা বলেছেন। চলো তিনি কী বলেছেন শুনি।

:  জিরাফ সাহেব, প্রথমেই দুঃখ প্রকাশ করছি আপনাকে নিচে রেখে আমগাছে ওঠার জন্য। বুঝতেই পারছেন...

: না না, কোনো অসুবিধে নেই। আপনি আমগাছেই থাকুন। আসলে আমার এই আঠারো ফিট লম্বা শরীরের জন্য অনেকেই গাছে বা বিল্ডিং-এ উঠে আমার সঙ্গে কথা বলে।

: আপনার শরীরের মতো আপনার গলাটাও কিন্তু অনেক লম্বা।

: হ্যাঁ, আমাদের গলা প্রায় দশ ফুট লম্বা হয়ে থাকে। তবে গলা এত লম্বা হওয়ায় আমাদের মন সব সময় খারাপ থাকে।

:  কেন বলুন তো?

: মানুষরা গরুকে মালা পরায়, ছাগলকে মালা পরায় কিন্তু আমাদের কখনো পড়ায় না। সম্ভবত আমাদের গলা লম্বা তাই পরাতে পারে না।

:  আপনি যদি জানতেন মানুষরা গরু ছাগলকে কখন এবং কেন মালা পড়ায় তাহলে এ কথা বলতেন না।

: তাই নাকি, কখন পড়ায়?

: কোরবানী ঈদের আগে বাজারে বিক্রির জন্য মালা পড়ায়। তারপর ঈদের দিন এলে দেয়া হয় জবাই।

: সর্বনাশ। কী বলছেন এসব? তাহলে গলা লম্বা হওয়ায় ভালোই হয়েছে, কী বলেন?

: অবশ্যই। তাছাড়া শুনেছি এত উঁচুতে গলা হবার কারণে বাঘ সিংহরা নাকি আপনার ঘাড় মটকে খেতে পারে না?

: ঠিকই শুনেছেন।

: এবার আপনাদের খাওয়া দাওয়া সম্পর্কে বলেন।

: আমরা সাধারণত গাছের পাতা খাই। আমাদের মধ্যে যারা বয়সে বড় তারা প্রতিদিন ৬৩ কেজির মতো পাতা খেতে পারে।

: আপনারা দেখছি মহা খাদক। তা আপনারা কি শুধু কাঁচা পাতা খান না আয়োডিন লবন দিয়ে রেঁধে খান?

: আয়োডিন পাবো কোথায়? সব কিছু কাঁচাই খাই।

: সে কী, আয়োডিন না খেলে গলগন্ড হবে তো! এতবড় গলায় গলগন্ড হলে সেটা দেখতে কি খুব ভালো লাগবে?

: আমাদের গলগন্ড হয় না, মানুষের হয়।

: আচ্ছা আপনাদের বাচ্চাদের কথা বলুন।

: ওরা খুব চটপটে হয়ে থাকে। জন্মের এক ঘণ্টার মধ্যেই ওরা দৌড়-তে শিখে যায়।

: দৌড় শিখে লাভ কি? জিরাফরা তো আর অলিম্পিকে অংশ নিতে পারে না যে দৌড়ে পদক জিতবে।

: বাঘ সিংহের হাত থেকে বাঁচতে হলে জিরাফদের দৌড় শিখতে হয়।

: বেশ, এবার বলুন আপনারা কি ঘোড়ার মতো দাঁড়িয়ে ঘুমান না মানুষের মতো বিছানাপত্র আছে, তাতে ঘুমান?

: আমরা খুব একটা ঘুমাই কই? বড় জোর দিনে ২০ মিনিট থেকে ২ ঘণ্টা।

: সে জন্যই বুঝি আপনার চোখ লাল দেখাচ্ছে? সবসময় জেগে থাকা ঠিক না। সাক্ষাৎকার এখানেই শেষ, যান এক্ষুণি ঘুমুতে যান।

: বাই বাই টা টা